

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন করে সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের নীতিনির্ধারণে ইসরায়েলের হস্তক্ষেপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরার।
শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাব নিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনকে একটি অজেয় যুদ্ধে জড়িয়ে ফেলতে ইসরায়েলের ব্যাপক প্রভাব বিস্তারের প্রচারণার বিষয়টি কী হবে?
তিনি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থকদের লক্ষ্য করে ইসরায়েলপন্থি একটি প্রভাব বিস্তার কার্যক্রম পরিচালনা করেছেন।
আরাগচি আরও অভিযোগ করেন, এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের কণ্ঠরোধ করছে।
তিনি দাবি করেন, এই পুরো বিষয়টি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হবে।