কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
টিআইবির বিশ্লেষণ

নির্বাচনে ১৯৮১ প্রার্থীর মধ্যে ৮৯১ জনই কোটিপতি

নির্বাচনে ১৯৮১ প্রার্থীর মধ্যে ৮৯১ জনই কোটিপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১ হাজার ৯৮১ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, তাদের মধ্যে ৮৯১ জনই কোটিপতি। আর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্যের ভিত্তিতে ২৭ জন প্রার্থীর সম্পদ রয়েছে শতকোটি টাকার ওপর। গতকাল বৃহস্পতিবার ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ ও ‘নো ইওর ক্যান্ডিডেট’ (কেওয়াইসি) ড্যাশবোর্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের উপ-সমন্বয়ক জাফর সাদিক, সহ-সমন্বয়ক ও ড্যাশবোর্ড প্রস্তুতকারী রিফাত রহমান এবং কে. এম. রফিকুল আলম। প্রতিবেদন উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

হলফনামার তথ্য বিশ্লেষণ করে প্রার্থীদের পেশা সম্পর্কে টিআইবি জানায়, ৪৮ শতাংশের বেশি প্রার্থী ব্যবসায়ী। আইন ব্যবসা ও শিক্ষকতা পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে ১২.৬১ এবং ১১.৫৬ শতাংশ প্রার্থী। রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১.৫৬ শতাংশ প্রার্থী।

টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের সাড়ে ২৫ শতাংশের কোনো না কোনো ঋণ বা দায় আছে, যা সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে সবচেয়ে কম। তবে ঋণ বা দায়গ্রস্ত প্রার্থীর সংখ্যা কম হলেও এবার প্রার্থীদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি, যা টাকার অঙ্কে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে মোট প্রার্থী ১৯৮১ জন, যাদের প্রায় ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর প্রার্থীদের সংখ্যা মোট প্রার্থীর ৩৬ শতাংশের বেশি, যা বিগত ৫টি নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণের হার নগণ্য এবং জুলাই সনদে প্রস্তাবিত ৫ শতাংশের লক্ষ্যমাত্রা কোনো রাজনৈতিক দলই পূরণ করতে পারেনি।

টিআইবির বিশ্লেষণে আরও উঠে এসেছে, বর্তমানে মামলা আছে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশ। অতীতে মামলা ছিল ৭৪০ জন বা ৩১.৬৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে। এবার সব দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট নির্বাচনী ব্যয় ৪৬৩.৭ কোটি টাকা, প্রার্থীপ্রতি গড় ব্যয় সাড়ে ২২ লাখ টাকা। ঘোষিত সবচেয়ে বেশি ব্যয় বিএনপির—মোট ১১৯.৫ কোটি টাকা, দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী মোট ব্যয় ৮০.৬ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ইসলামপন্থি দলগুলোর প্রার্থিতা ৩৬ শতাংশে উন্নীত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অধিকাংশ ইসলামপন্থি দলের একজনও নারী প্রার্থী নেই। সার্বিকভাবে দলীয় প্রার্থীদের মধ্যে নারীদের হার মাত্র ৩.৩৮ শতাংশ, অথচ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার ১০ শতাংশ। অর্থাৎ যোগ্য এবং আগ্রহী নারী প্রার্থী নেই বলে রাজনৈতিক দলগুলো যে যুক্তি তোলে, তা ভিত্তিহীন। ইসলামপন্থি দলগুলো তো বটেই, বিএনপিসহ মূল ধারার রাজনৈতিক দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক জোট রাজনীতির কারণে নারীরা মনোনয়নবঞ্চিত হয়েছে। নির্বাচনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলগুলোর ব্যর্থতার পেছনে রয়েছে অর্থ, পেশিশক্তি এবং ধর্মান্ধতার মতো রাজনৈতিক চালিকাশক্তি। এসব আমাদের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। তাই এমন মন্তব্য করা মোটেও অমূলক হবে না—নির্বাচনে নারীর অংশগ্রহণ ও সংসদের নারী প্রতিনিধিত্বের প্রত্যাশা ও প্রতিশ্রুতিকে ভূলুণ্ঠিত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণখেলাপি ব্যবসায়ীদের বৈধতা দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের বরখেলাপ। মূলত কমিশনের সৎ সাহসের অভাবে ঋণখেলাপিদের মনোনয়ন অনুমোদন করা হয়েছে, যা নিন্দনীয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খেলাপি ঋণের চর্চায় যারা শীর্ষে ছিল, তারাই সংসদসহ রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ স্তর দখল করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। এবারের নির্বাচিত সংসদেও যদি এ ধরনের চর্চা অব্যাহত থাকে, তা হবে চূড়ান্ত হতাশার। আইন প্রণয়ন থেকে শুরু করে নীতি-কাঠামো পরিবর্তন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি থাকবে নাকি, নজিরবিহীন ত্যাগের বিনিময়ে অর্জিত সম্ভাবনার বাস্তবায়ন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X