শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটে গেমচেঞ্জার নারী ও তরুণরা

ত্রয়োদশ সংসদ নির্বাচন
ভোটে গেমচেঞ্জার নারী ও তরুণরা

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র চার দিন। দীর্ঘ ১৭ বছর পর তুলনামূলক ভিন্ন এক পরিবেশে হতে যাওয়া এই নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচার। শহর থেকে গ্রাম, সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। ঘুম নেই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের, দিনরাত ভোটের মাঠে চলছে ছোটাছুটি। নানান কৌশলে চলছে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা। যদিও বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার খর্ব হওয়ার বিস্তর অভিযোগের ভার কাঁধে নিয়ে এবারের ভোটের হিসাব নিয়ে দেখা দিয়েছে নানান সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, এবার তরুণ ও নারী ভোটাররাই ‘মূল ফ্যাক্টর’ হিসেবে আবির্ভূত হবেন। রেকর্ড সংখ্যক এই তরুণ ও নারী ভোটারকে আকৃষ্ট করার ওপরই নির্ভর করবে সফলতা।

নির্বাচন বিশ্লেষকদের অনুমান, দেশের গণতান্ত্রিক উত্তরণে তরুণ ভোটাররা হয়ে উঠতে পারেন নির্ণায়ক শক্তি। যোগ্য প্রতিনিধি বাছাইয়ের হিসাব-নিকাশে ব্যস্ত তারা। নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে, এমন প্রত্যাশা তরুণদের। বয়স্কদের পাশাপাশি এবার সমানতালে সক্রিয় তারাও, ঘরে, ক্যাম্পাসে, এমনকি অনলাইন প্ল্যাটফর্মে। অন্যদিকে সম-অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নারীরাও তাদের ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এবারের নির্বাচনে রাষ্ট্র, রাজনীতি, সমাজ ও অর্থনৈতিক কার্যক্রমে নারীর অবস্থানের বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নারীর প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির কারণেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। আর সেই দৃষ্টিভঙ্গিকে ঘিরেও নারীদের ভোট পাওয়ার জন্য চলছে বিশেষ প্রচারাভিযান। সব মিলিয়ে এবারের নির্বাচনে নারী ভোটাররা আগের যে কোনোবারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

এমন প্রেক্ষাপটে বিজয় নিশ্চিতে তরুণদের পাশাপাশি নারী ভোটারদের পক্ষে টানতে সক্রিয় রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকরা। তাদের ভোট নিজেদের বাক্সে ফেলতে নানান কৌশল নিয়ে মাঠে নেমেছে দলগুলো। তরুণদের পাশাপাশি নারীদের উন্নয়নে, তাদের কল্যাণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেসব পরিকল্পনা তুলে ধরছে।

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির এই জাতীয় নির্বাচন ও গণভোটে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, যাদের প্রায় অর্ধেকই তরুণ। কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ১৮ থেকে ৩৭ বছর বয়সী মোট তরুণ ভোটারের সংখ্যা ৫ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১৭৬ জন, যা মোট ভোটারের ৪৩ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। এবারের ভোটের ফল নির্ধারণে এসব তরুণ এবং নারী ভোটার অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যেসব প্রার্থী তরুণ ও নারী ভোটারদের মন জয় করতে পারবেন, জয়ের পাল্লা তার দিকেই হেলবে। এমন প্রেক্ষাপটে এই বিপুলসংখ্যক ভোটার ঘিরে চলছে নানা সমীকরণ। তরুণ ও নারী ভোটারদের মন জয় করতে তাদের টার্গেট করে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নানা কৌশলে প্রচার চালাতে দেখা যাচ্ছে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে বর্তমান ইসি। গত ১৭ বছরে ভোটার বেড়েছে ৪ কোটি ৬৬ লাখ ৮ হাজার ১৮০ জন। পরিসংখ্যান অনুযায়ী, ১৮-২১ বছরের ভোটার ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন, ২২-২৫ বছরের ভোটার ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬, ২৬-২৯ বছরের ভোটার ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২, ৩০-৩৩ বছরের ভোটার ১ কোটি ৬৮ লাখ ৬ হাজার ৬১৫, ৩৪-৩৭ বছরের ভোটার ১ কোটি ২৩ লাখ ৬ হাজার ৭৫৫, ৩৮-৪১ বছরের ভোটার ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪৫০, ৪২-৪৫ বছরের ভোটার ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৪২, ৪৬-৪৯ বছরের ভোটার ৯২ লাখ ৩৯ হাজার ৭২৩, ৫০-৫৩ বছরের ভোটার ৮০ লাখ ৫৪ হাজার ৫৬০, ৫৪-৫৭ বছরের ভোটার ৬৩ লাখ ৪২ হাজার ২৮, ৫৮-৬০ বছরের ভোটার ৫১ লাখ ৮১ হাজার ১০৩ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯৯৪ জন।

তরুণদের স্মৃতিতে গত তিনটি নির্বাচনের ক্ষত এখনো দগদগে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন ১৫৩ জন এবং ভোট পড়ে মাত্র ৪০ দশমিক ০৪ শতাংশ। ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দল অংশ নিলেও ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরার অভিযোগ ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায় ৫০টি আসনের মধ্যে ৩৩টিতেই এমন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিরোধী দলগুলো দাবি করে, নির্বাচন শুরু হওয়ার আগের রাতেই ৩০ থেকে ৬০ শতাংশ ভোট দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছিল বলে জানায় নির্বাচন কমিশন।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ভোট পড়ে ৪১ দশমিক ৮০ শতাংশ। বিরোধী দলগুলো বর্জন করায় আওয়ামী লীগ নিজেদের ‘ডামি প্রার্থী’ দাঁড় করিয়ে প্রতিযোগিতার আবহ তৈরির চেষ্টা করে। এসব নির্বাচনে অনেক তরুণ ভোটার ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরুণ ভোটার রায়হান আহমেদ বলেন, ‘২০১৭ সালে ভোটার হলেও কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। যাও একবার সুযোগ পাইছিলাম, সেটাও গিয়ে শুনি ভোট দেওয়া হয়ে গেছে। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন আমি এমন কাউকে ভোট দেব যার মাধ্যমে দেশ, জাতি ও সমাজ অগ্রসর হবে। যারা এমন একটা দেশ গঠন করব, যেখানে আমার পরের প্রজন্মকে ভোট দেওয়া নিয়ে কোনো দ্বিধায় যেন ভুগতে না হয়।’

ভোটের অপেক্ষায় তরুণরা: ভোট দিতে তরুণদের আগ্রহের বিষয়টি বিভিন্ন জরিপেও উঠে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’-এ দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫৪৫ জন উত্তরদাতার ৯৭ শতাংশই ভোট দিতে চান। পরবর্তী পাঁচ বছরের অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে ৬৭ শতাংশ দুর্নীতি নির্মূল, ৫৬ শতাংশ বেকারত্ব দূরীকরণ, ২৪ শতাংশ নিরাপত্তা এবং ১৪ শতাংশ গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) আরেকটি জরিপে দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষ ভোট দিতে আগ্রহী। ৪ হাজার ৯৮৫ জনের মধ্যে পরিচালিত জরিপে ৬৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন অতীতের নির্বাচনগুলোয় কারচুপি হয়েছে, তবু ৮০ শতাংশ আশাবাদী যে, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

নারীদের জন্য নির্বাচনী অঙ্গীকার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে সম্প্রতি নাগরিক অধিকারবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। তিনি নারীদের সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নীতিনির্ধারক মহল কৌশলগতভাবে জাইমা রহমানকে সামনে আনছেন। এর নেপথ্যে বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্টের সমীকরণ প্রচ্ছন্নভাবে কাজ করছে বলে অনেকের ধারণা। কেন্দ্রীয়ভাবে প্রচারের পাশাপাশি নারী ভোটারদের কাছে পৌঁছতে নারী কর্মীদের কাজে লাগাচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ের কমিটিগুলোও। প্রতিটি আসনে অঞ্চলভিত্তিক পৃথক পৃথক টিম করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচারকাজ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

নির্বাচনে তরুণ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের বড় অংশকে নিজেদের পক্ষে আনার লক্ষ্যে জামায়াতে ইসলামীকেও নানা কৌশল অবলম্বন করতে দেখা গেছে। ভোটের প্রচার কার্যক্রমে দলটি এবার নারী কর্মীদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলটির উদ্যোগে বিভিন্ন আসনে নারীদের নিয়ে প্রথমবারের মতো সমাবেশ করতেও দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই উদ্যোগ তাদের প্রচলিত রাজনৈতিক অবস্থান থেকে একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত।

দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও এতদিন জামায়াতে ইসলামীর নারী ভোট মূলত পরিবার কিংবা স্বামীর মাধ্যমে এসেছে। তবে এবার সেই প্রচলিত ধারা ভেঙে নারী কর্মীদের সরাসরি মাঠে নামানো হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার অনেক সংগঠক এ প্রচারাভিযানে বিশেষ ভূমিকা রাখছেন। দলের নীতিনির্ধারকদের কারও কারও ধারণা, প্রচার কাজে নারীদের প্রকাশ্য অংশগ্রহণের মধ্যে দলটির নারীবিরোধী ইমেজ ভাঙা সম্ভব হবে, যা ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রচারেও নারীদের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এনসিপি ঘোষিত ৩৬ দফা ইশতেহারে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমানো হবে। এ ছাড়া ১৫ নম্বর দফায় বলা হয়েছে আগামী পাঁচ বছরে দেশে এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এসএমই খাতে ক্যাশফ্লোভিত্তিক ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল, নিবন্ধন খরচ হ্রাস ও প্রথম পাঁচ বছরের করমুক্তি নিশ্চিত করা হবে।

যা বলছেন বিশ্লেষকরা: তরুণদের পাশাপাশি নারী ভোটারদের বড় অংশকে পক্ষে আনতে পারলে বিজয় নিশ্চিত করা সহজ হবে—সেটা ধরেই দলগুলো নিজস্ব প্রচার কৌশল নির্ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডা. আব্দুল আলিম কালবেলাকে বলেন, ‘বিজয় নিশ্চিত করতে দলগুলো তাদের নিজেদের মতো করে কৌশল নির্ধারণ করে। তারই অংশ হিসেবে দলগুলো তরুণ ও নারীদের পক্ষে আনার জন্য প্রচার চালাচ্ছেন। এটা হওয়াই স্বাভাবিক।’ প্রতিপক্ষকে ঘায়েল করতে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে কান না দেওয়ার পরামর্শও দেন তিনি।

এই নির্বাচন বিশেষজ্ঞ আরও বলেন, ‘জুলাই-পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কী ধরনের বার্তা দিচ্ছে, দেশকে কীভাবে গঠন করতে চাইছে, এগুলো তরুণ ভোটারদের কাছে মূল বিষয়। এবারের নির্বাচনে তরুণরা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবেন, আমার ধারণা, সেই দলের প্রার্থীরা নির্বাচনে জিতে আসবেন।’

নারী ভোটারদের আকৃষ্ট করতে পারলে তা ফলে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। তিনি কালবেলাকে বলেন, ‘দেশের প্রায় ৫০ শতাংশ নারী ভোটার। স্বাভাবিকভাবেই এই ভোটারদের বড় অংশকে পক্ষে আনতে পারলে ফলে এর প্রভাব পড়বে। তা ছাড়া নারীদের কোনোভাবে সম্মত করতে পারলে বা তারা আশ্বাস দিলে সেটা পাওয়ার সুযোগ ও সম্ভাবনা বেশি থাকে। এজন্যও নারী ভোটারদের পক্ষে আনতে সবাই জোরালোভাবে কাজ করছেন।’

এবারের নির্বাচনের ফলে তরুণ ভোটাররাও অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবেন বলে মনে করেন এই নির্বাচন বিশ্লেষক। তিনি বলেন, ‘তরুণরা এখন অনেক বেশি সচেতন। তা ছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে তারা চাকরি কিংবা ব্যবসায় নিশ্চয়তার মতো বিষয়গুলো চিন্তা করে বিচার-বিশ্লেষণ করে ভোট দেবেন। এসব বিবেচনায় তরুণ ভোটার যারা মোট ভোটারের এক-তৃতীয়াংশ, তারা ভোটের ফলে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১০

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১১

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১২

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৩

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৪

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৭

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৯

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

২০
X