কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

হিতাহিতজ্ঞানশূন্য

হিতাহিতজ্ঞানশূন্য

অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক হলেও সত্য যে, দেশে উন্নয়ন প্রকল্প মানেই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অসাধু সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য। এটা খুবই স্বাভাবিক ঘটনা! ওপেন সিক্রেট। অর্থাৎ সবাই মনে করেন, সরকারি যে কোনো প্রকল্প মানেই এর বড় একটি অংশের টাকা প্রকল্পের মূল কাজের বাইরে স্বার্থান্বেষীদের পকেটে চলে যাবে। অগ্রহণযোগ্য হলেও এটা এক ধরনের গা-সওয়া বিষয়ে পরিণত হয়েছে। তা সত্ত্বেও এ ধরনের কিছু ঘটনা মানুষকে ভাবায়, বিচলিত করে। প্রশ্ন জাগায়, মানুষের নৈতিক স্খলন আসলে কোন পর্যায়ে পৌঁছলে মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে জীবনরক্ষাকারী চিকিৎসাসামগ্রী ক্রয়ের ক্ষেত্রেও এ জোচ্চুরি করতে হয়! আর অর্থলোপাটের এ বদনেশা কতটা আসক্তি তৈরি করলে, ক্যান্সারে আক্রান্ত রোগীকে সুস্থ করবে যে যন্ত্র, সে যন্ত্রের মান নিয়েও লোপাটকারীদের থাকে না কোনো ধরনের হিতাহিতজ্ঞান। এমনটাই ঘটেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি যন্ত্র ক্রয়ের উদ্যোগে।

সোমবার কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনের চিত্র সত্যিকারই বিস্ময়কর। প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালের শুরুতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি যন্ত্র ক্রয়ের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)। অবাক করা বিষয় হচ্ছে, যন্ত্রটি ক্যান্সার রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর এবং বিশ্বের অধিকাংশ দেশে তা নিষিদ্ধ। আর এই যন্ত্র সংগ্রহে দেওয়া হয় ৩২ কোটি ৫০ লাখ টাকার কার্যাদেশ। চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের ২০ অক্টোবরের মধ্যে যন্ত্রগুলো প্রস্তুত ও প্রি-শিপমেন্ট ইন্সপেকশন শেষ হওয়ার কথা থাকলেও ছয় বছর পরও সেই যন্ত্রগুলোর দেখা মেলেনি। বরং ২০২৫ সালের ১৪ জানুয়ারি কানাডাভিত্তিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেস্ট থেরাট্রোনিক্স আনুষ্ঠানিকভাবে জানায়, তারা যন্ত্র দুটি সরবরাহে অক্ষম। শুধু তাই নয়, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮-এর ৪২ ধারা অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানকে করা হয়নি কালো তালিকাভুক্তও। উপরন্তু আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে সিএমএসডি প্রতিষ্ঠানটিকে নতুন করে তিন সপ্তাহ সময় দিয়েছে যন্ত্র সরবরাহের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এ যন্ত্রগুলোর কার্যকারিতা যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি রক্ষণাবেক্ষণ খরচও অত্যধিক। পাশাপাশি এর পার্শ্বপ্রতিক্রিয়াও গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য বলছে, যন্ত্রটি থেকে নির্গত গামা রশ্মি অত্যন্ত ক্ষতিকারক। বিকিরণের ফলে রোগীর শরীরে ক্ষত, পুড়ে যাওয়া এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত তৈরি হয়।

স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উঠেছে। প্রথমত যন্ত্রটির ঝুঁকি ও কার্যকারিতা নিয়ে চিকিৎসা মহলে প্রশ্নবিদ্ধ হওয়া সত্ত্বেও এটি ক্রয়ের উদ্যোগ কেন? দ্বিতীয়, প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এটি সরবরাহের ক্ষেত্রে চুক্তি ভঙ্গের পরও কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এমনকি খোদ প্রতিষ্ঠানটির সূত্র ও সাবেক শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান কর্মকর্তাদের আর্থিক স্বার্থ জড়িত বা যোগসাজশের তীর ছুড়েছেন। আমরা জানি, দেশে প্রতি বছর গড়ে ১ লাখ ৫৫ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে মারা যান প্রায় ১ লাখ ৯ হাজার। অথচ গত ছয় বছরে প্রয়োজনীয় রেডিওথেরাপি যন্ত্র না থাকায় হাজারো মানুষ এ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে রাষ্ট্র হারিয়েছে কোটি কোটি টাকার সম্ভাব্য রাজস্ব। ব্যাহত হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা। আমরা মনে করি, মানুষের জীবনরক্ষাকারী এ প্রশ্নবিদ্ধ ও ক্ষতিকর যন্ত্র ক্রয়ের উদ্যোগ এবং এ নিয়ে অর্থ-আত্মসাতের প্রবণতা সংশ্লিষ্টদের চূড়ান্ত রকমের নৈতিক স্খলনেরই বহিঃপ্রকাশ। তা না হলে যেখানে রোগীর জীবনমরণ এবং চিকিৎসায় সর্বস্ব হারানোই নিয়তি, সেখানে রোগীর কল্যাণ দূরের কথা, তাদের সঙ্গে প্রতারণার চিন্তা কীভাবে আসতে পারে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X