

সিরাজগঞ্জের ছেলে মো. আশরাফুল আলম পেশায় ফ্রিল্যান্সার ও আইটি প্রশিক্ষক। ছাত্রজীবনে ফ্রিল্যান্সিংয়ে সফল হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেন। সেইসঙ্গে নিজের দক্ষতা ও নেতৃত্বে অসংখ্য তরুণকে প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলেছেন। প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গড়ে তোলেন পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পিটিটিআই)। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিজেই দায়িত্ব পালন করছেন। পিটিটিআই এরই মধ্যে পাবনার ইশ্বরদীতে তরুণদের তথ্য ও প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের কেন্দ্রে পরিণত হয়েছে। অসংখ্য তরুণ ও যুবক প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে ঘুরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
স্কুলজীবনেই ২০০৮ সালে মো. আশরাফুল আলমের প্রযুক্তিতে যাত্রা শুরু। পরবর্তী সময়ে ২০১৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ভর্তি হয়ে তিনি ফ্রিল্যান্সিংয়ের যুক্ত হন। শুরুতে বিভিন্ন মার্কেটপ্লেসে প্রোফাইল খুলে কাজ শুরু করেন। অল্প সময়েই লিংকডইন থেকেও নিয়মিত কাজ পেতে থাকেন। শুরুটা ছিল লিড জেনারেশন ও ওয়েব রিসার্চ দিয়ে। তবে নিরন্তর পরিশ্রম, কাজের মান ও ক্লায়েন্ট সন্তুষ্টির মাধ্যমে দ্রুতই তিনি হয়ে ওঠেন সফল ফ্রিল্যান্সার। এরপর দক্ষতা উন্নয়নের জন্য যুক্ত হন ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে (এসইও)।
মো. আশরাফুল আলম মনে করেন, দক্ষতা, ধৈর্য, ক্লায়েন্টের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ এবং নিয়মিত শেখার মানসিকতা—এই চারটি বিষয়ই একজন ফ্রিল্যান্সারের দীর্ঘমেয়াদি সফলতার মূল ভিত্তি।