হাসান আজাদ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম
প্রিন্ট সংস্করণ

আবাসিকে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড়

প্রস্তাব তৈরির কাজ চলছে
আবাসিকে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড়
ছবি: কালবেলা গ্রাফিক্স

শিল্পের পর এবার আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে দাম বাড়ানোর প্রস্তাবনা তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। আবাসিক গ্রাহকদের মধ্যে মিটারবিহীন গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো হবে। পাশাপাশি গ্যাস সঞ্চালনে হুইলিং চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হবে। গতকাল পর্যন্ত সবকটি কোম্পানিই প্রস্তাবনা তৈরির কাজ করছে। আজকালের মধ্যে এসব প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠানো হবে। বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ জানুয়ারি শিল্পে বিদ্যমান গ্রাহকদের দর অপরিবর্তিত রেখে নতুন শিল্পকারখানার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। প্রস্তাবে শিল্পে বয়লার ও জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

আইনগতভাবে পেট্রোবাংলার দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনায় নেওয়ার সুযোগ না থাকায় লাইসেন্সধারী কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারে। এ কারণে পেট্রোবাংলার প্রস্তাবের পর বিতরণ কোম্পানিগুলোর কাছে মূল্য সমন্বয়ের প্রস্তাব চেয়েছে বিইআরসি। গত ৭ জানুয়ারি ইস্যু করা পত্রে বিতরণ কোম্পানিগুলোকে ৩ কর্মদিবসের মধ্যে ট্যারিফ পরিবর্তনের প্রস্তাব কমিশনে দাখিলের জন্য বলা হয়েছে। গত ১২ জানুয়ারি তিন কর্মদিবস শেষ হলেও এখন পর্যন্ত কোনো বিতরণ কোম্পানি প্রস্তাব জমা দিতে পারেনি।

দেশে বর্তমানে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি রযেছে। এগুলো হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিসি), বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিডিসিএল), জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল), পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি গ্রাহক তিতাস গ্যাস কোম্পানিতে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, এখনো প্রস্তাব তৈরির কাজ চলছে। বৃহস্পতিবারের (আগামীকাল) মধ্যে বাল্কে প্রস্তাব জমা দিতে পারব, আশা করছি।

তিনি বলেন, মিটারবিহীন গ্রাহক যারা, তাদের ব্যবহার একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা আছে। কিন্তু নির্দিষ্ট পরিমাণের চেয়েও বেশি গ্যাস ব্যবহার করছে মিটারবিহীন গ্রাহকরা। আমরা গ্যাসের পরিমাণ ও দাম বাড়ানোর প্রস্তাব করব। এ ছাড়া সঞ্চালনে হুইলিং চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হবে। পেট্রোবাংলার মতো নতুন শিল্প ও ক্যাপটিভেও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব থাকছে।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, বর্তমানে মিটারবিহীন আবাসিক গ্রাহকরা অনেক বেশি গ্যাস ব্যবহার করছে। একক চুলা ৫৫ ঘনমিটারের বিল ও দুই চুলা ৬০ ঘনমিটারের বিল আদায় করা হচ্ছে। কিন্তু ক্ষেত্র বিশেষে ১০০ ঘনমিটার পর্যন্ত গ্যাস ব্যবহারের রেকর্ড পাওয়া গেছে।

তারা বলেন, প্রিপেইড মিটার ব্যবহারকারী ও নন-মিটার গ্রাহকের ব্যবহারের মধ্যে অনেক তারতম্য রয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহক অনেকটা মিতব্যয়ী হন।

বিইআরসি ২০২২ সালের ৫ জুন সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধি করে। এর আগে গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় বিতরণ কোম্পানিগুলোর প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের পরিসংখ্যানে দেখা যায়, গড়ে এক চুলা ৪০ এবং দুই চুলা সর্বোচ্চ ৫০ ঘনমিটার ব্যবহার করছে। প্রিপেইড গ্রাহকের ব্যবহারের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এক চুলা ৭৩ দশমিক ৪১ ঘনমিটার ও দুই চুলা ৭৭ দশমিক ৪১ ঘনমিটার থেকে কমিয়ে যথাক্রমে ৫৫ ও ৬০ ঘনমিটার করা হয়।

বিইআরসির সর্বশেষ আদেশের প্রায় ১০ মাস পর তিতাস গ্যাসসহ অন্যান্য বিতরণ কোম্পানিগুলো বিদ্যমান এক চুলা ৫৫ ঘনমিটার (৯৯০ টাকা) থেকে বাড়িয়ে ৭৬ দশমিক ৬৫ ঘনমিটার, দুই চুলা ৬০ ঘনমিটার (১০৮০ টাকা) থেকে বাড়িয়ে ৮৮ দশমিক ৪৪ ঘনমিটার করার আবেদন দিয়েছে। আর পরিমাণ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই দামও বেড়ে যাবে। ওই সময় তিতাসের আবেদনে উল্লেখ করা হয়েছিল, মিটারবিহীন কমবেশি ২৫ লাখ গ্রাহকের বিপরীতে কোনো সমীক্ষা বা তথ্য বিশ্লেষণ না করেই ঘনমিটারের পরিমাণ নির্ধারণ করেছে বিইআরসি। এতে কারিগরি ক্ষতি বেড়েছে এবং সরকারি লাভজনক প্রতিষ্ঠান তিতাস আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তবে শিল্প ও ক্যাপটিভে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির বিপক্ষে বিতরণ কোম্পানিগুলো। একাধিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিল্পে ও ক্যাপটিভে যে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তা অযৌক্তিক। পেট্রোবাংলা আমাদের সঙ্গে আলোচনা করেই এই প্রস্তাব করেছে। গণশুনানিতে কেন এই দাম বাড়াতে হবে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দেওয়া যাবে না। এমনকি গণশুনানিতে শিল্পে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ হয়ে যেতে পারে।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বিদ্যমান হুইলিং চার্জ রয়েছে ২৪ পয়সা, এতে আমাদের লোকসান হচ্ছে। আমরা ৩২ অথবা ৩৪ পয়সা বিতরণ চার্জ নির্ধারণ করার প্রস্তাব করতে পারি। তিতাস গ্যাসও বর্তমানের ২১ পয়সা থেকে বাড়িয়ে ৩৪ পয়সা প্রস্তাব করতে যাচ্ছে। অন্য কোম্পানিগুলোও একই হারে বিতরণ চার্জ বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে।

পেট্রোবাংলা দাম বৃদ্ধির প্রস্তাবে বলেছে, প্রতি ঘনমিটার এলএনজির বর্তমান আমদানি মূল্য পড়ছে ৬৫ দশমিক ৭০ টাকা। ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে দাঁড়ায় ৭৫ দশমিক ৭২ টাকা। ফলে এ খাত টিকিয়ে রাখতে গ্যাসের প্রাইস গ্যাপ কমাতে হবে। পরিকল্পনা অনুযায়ী এলএনজি আমদানি করলে চলতি অর্থবছরে পেট্রোবাংলার ঘাটতি হবে প্রায় ১৬ হাজার ১৬১ কোটি ৭১ লাখ টাকা। গ্যাসের এই দাম বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। ওই প্রস্তাব অনুমোদন হলে শিল্পায়ণ বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন তারা। পেট্রোবাংলার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবটি যাচাই-বাছাইয়ে টেকনিক্যাল কমিটি গঠন করেছে বিইআরসি। কমিটির রিপোর্ট পাওয়ার পর গণশুনানি নিয়ে আদেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১০

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

১১

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

১২

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

১৩

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

১৪

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১৫

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১৬

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১৭

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

১৮

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

১৯

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

২০
X