

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হচ্ছে ‘সুপারউড’ নামে এক ধরনের বিশেষ কাঠের। এই কাঠ ইস্পাতের চেয়েও শক্তিশালী, বুলেটপ্রুফ, আগুন প্রতিরোধী এবং ওজনে অনেক হালকা।
উদ্ভাবক প্রতিষ্ঠান ইনভেন্টউড বলছে, সাধারণ নরম কাঠকে রাসায়নিক প্রক্রিয়ায় ও উচ্চ চাপে সংকুচিত করে এই সুপারউড তৈরি করা হচ্ছে। এতে কাঠের সেলুলোজ আঁশগুলো একসঙ্গে ঘন হয়ে কাঠটি অতিমাত্রায় দৃঢ় হয়। ফলে এর ওজন ইস্পাতের ছয় ভাগের এক ভাগ হলেও, শক্তি কয়েক গুণ বেশি।
এই নতুন কাঠ শুধু শক্তিশালীই নয়, দেখতে চমৎকারও। উৎপাদন প্রক্রিয়ায় কাঠের রং গাঢ় হয়ে ওঠে, কাঠের বিভিন্ন প্রাকৃতিক রেখা স্পষ্ট হয়ে ওঠে। ইনভেন্টউডের প্রধান নির্বাহী অ্যালেক্স লাউ জানিয়েছেন, সুপারউড এতটাই মজবুত ও কঠিন যে, মাত্র আধা ইঞ্চি পুরু একটি কাঠের টুকরোও হাতের জোরে বাঁকানো যায় না।
কাঠটি বুলেটপ্রুফ দরজার মতো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যবহারযোগ্য, এমনকি আগুনের প্রতিও প্রতিরোধী—বাইরের অংশ কার্বোনাইজ হয়ে ভেতরের কাঠামোকে রক্ষা করে। তবে আগুনের তাপে ইস্পাত যেমন নরম হয়ে যায়, সুপারউডের তেমন হয় না।
ইনভেন্টউড জানায়, সুপারউড ভবনের কাঠামোতে স্টিল বা কংক্রিটের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব। শুরুতে এই উপাদান দিয়ে সাইডিং, ডেকিং ও উইন্ডো ফ্রেমের মতো অনুষঙ্গ তৈরি করা হবে। ভবিষ্যতে পুরো ভবন নির্মাণেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ থেকে ২ কোটি ডলারের সহায়তা ও বিভিন্ন বেসরকারি বিনিয়োগ মিলিয়ে ৫ কোটি ডলারের তহবিল পেয়েছে ইনভেন্টউড। প্রতিষ্ঠানটি বর্তমানে ৯০ হাজার বর্গফুটের একটি কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। পরিকল্পনা রয়েছে আরও বড় পরিসরে উৎপাদনের।
২০১৮ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করেন সুপারউডের নির্মাতা ও গবেষক, বর্তমানে ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াংবিং হু। তিনি বলেন, ‘কাঠকে আণবিক পর্যায়ে পরিবর্তন করে এই কাঠ নির্মাণ করা হয়েছে।’ হু এর আগে স্বচ্ছ কাঠ, প্লাস্টিকের মতো নমনীয় কাঠ এবং রাবারের মতো কাঠ উদ্ভাবন করেছেন।
তবে কাঠটি এখনো স্টিল বা কংক্রিটের মতো দৃঢ় নয়। তাই বড় ভবন নির্মাণে ব্যবহারের আগে বিশেষ নকশা ও অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিল্ডিং টেকনোলজি বিভাগের পরিচালক কেটলিন মুলার।
ইনভেন্টউডের প্রধান নির্বাহী অ্যালেক্স লাউ বলেন, ‘আমাদের কারখানার কাঠামো এখনো ইস্পাতের, তবে আমরা আশা করি ভবিষ্যতে সুপারউড দিয়েই এ ধরনের কারখানা তৈরি সম্ভব হবে।’