

মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকতেই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, শরীয়তপুরের মানুষ আমার আপনজন। আমি এখানে এসেছি মানুষের কল্যাণে কাজ করতে, তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে।
গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলাম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন অপু বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান।
দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি সুন্দর সমাজ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই।
অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে তিনি উপজেলার সিড্যা ও দারুল আমান ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় প্রচার চালান। এ সময় তিনি ভোটারদের দোয়া চান।
বিকেলে তিনি দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা রিয়াজুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে নুরুদ্দিন অপু বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। একটি সমাজকে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করতে মসজিদের ভূমিকা অপরিসীম।
তিনি মসজিদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এদিন সন্ধ্যায় তিনি সিড্যা ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন। রাতে দারুল আমান ইউনিয়ন বিএনপির আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, সিড্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাম বেপারী প্রমুখ।