কাশেম শাহ, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফল বিশ্লেষণ

১৭ বছর সুসংগঠিত থাকার ফল বিএনপির ভূমিধস জয়

চট্টগ্রাম বিভাগ
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সারা দেশের মতো বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের ২১টিতেই জয় পেয়েছে বিএনপি। চট্টগ্রামকে বলা হয় বিএনপির ঘাঁটি। তবুও, এর আগে কখনো একসঙ্গে এত বেশি আসনে জয় পায়নি দলটি। দীর্ঘ ২৫ বছর পর (২০০১ সালের পর) বিএনপির ভূমিধস এ বিজয়কে নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘ অপেক্ষার ফল, নির্যাতন-মামলা-হামলা সহ্য করা এবং অন্তর্কোন্দল কমিয়ে দলকে সুসংগঠিত হতে পারার অর্জন হিসেবে দেখছেন।

আগের নির্বাচনগুলোতে যেখানে দলের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কিংবা মনোনীতের পক্ষে নেতাদের কাজ না করার অভিযোগ ছিল। সেখানে এবার দলের প্রার্থীর পক্ষে সবাই একজোট হয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপিকে ভাঙার যে চেষ্টা হয়েছে, সেটা দলকে আরও সুসংগঠিত করেছে। আর তার ফল এসেছে ২০২৬-এর নির্বাচনে।

পাঁচলাইশ থানার মুরাদনগর শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব বলেন, গত ১৭ বছরে আমরা যে পরিমাণ জেল-জুলুম সহ্য করেছি সেটা আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা বাড়িতে থাকতে পারিনি, কয়েকদিন পরপর নতুন নতুন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অনেক নেতার বাড়িতে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নির্যাতন মানুষকে বিএনপির প্রতি দুর্বল করেছে। সেটার ফলও হতে পারে এবারের ভোটে বিএনপির বিশাল বিজয়।

চট্টগ্রাম জেলার ১৬ আসনের ১৪টিতে, পার্বত্য চট্টগ্রামের ৩টি এবং কক্সবাজারের ৪টি আসনের সবকটিতে জয় পেয়েছে বিএনপি। নির্বাচনের আগে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার বিএনপিকে হটিয়ে জামায়াতই ক্ষমতায় আসতে যাচ্ছে—এমন হাইপ তোলা হয়েছিল। সেটার কোনো প্রভাব ভোটে পড়েনি। এ বিষয়ে তরুণ ভোটাররা কীভাবে দেখছেন, জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা অর্থি জানান, ফেসবুক খুললেই দেখেছি জামায়াত-এনসিপির হাইপ। নতুন ভোটারদের টানতে তারা বিএনপির চাঁদাবাজিসহ নানান অপকর্ম সামনে হাজির করেছে। কিন্তু একপর্যায়ে গিয়ে সেটা তাদের জন্য হিতে বিপরীত হয়েছে। তারা তারেক রহমানকে নিয়ে নানা কটূক্তি করেছেন, আমার মনে হয়, সেটা তরুণদের ভালো লাগেনি। তাই তরুণ ভোটারদের ভোটও হারিয়েছে জামায়াত।

হাসিব রহমান নামে আরেক ভোটার জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতার বিষয়টিকে সামনে আনেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যাই হোক, মুক্তিযুদ্ধের ব্যাপারে একমত। যেখানে জামায়াত ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গেছে, সেখানে বিএনপি একই ইস্যুতে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। এটাও বিএনপির ভোট বাড়ানোতে সাহায্য করেছে।

হালিশহর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের জন্ম ১৯৭১-এই। আর এই ৭১ একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। দ্বিতীয়ত, জুলাই পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেটির সঠিক এবং মূল স্টেকহোল্ডার বিএনপি। পাশাপাশি তারেক রহমানের জনপ্রিয়তা এবং উন্নয়ন ভাবনাও মানুষকে বিএনপির প্রতি দুর্বল করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিএনপির এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং বাংলাদেশের আপামর জনসাধারণের বিজয় হিসেবে দেখছেন।

কালবেলাকে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তার এই সুস্পষ্ট অঙ্গীকারে আস্থা রেখে চট্টগ্রামবাসী বিএনপিকে বিপুল ভোটে জয় এনে দিয়েছে।

কোন আসনে কে কত ভোট পেলেন: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭২ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আলা উদ্দীন সিকদার পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরীর ১ লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮১৭ ভোট। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৪০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা নাসির উদ্দিন মুনির পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আল্লামা ইলিয়াস নূরী পেয়েছেন ২৭ হাজার ১৫৬ ভোট। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির এরশাদ উল্লাহ ভোট পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালি ৭৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. শফিউল আলমের ভোট ৭৭ হাজার ৯১৬ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মো. এনামুল হক ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ার ২৮ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে হেরেছেন ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এখানে দাঁড়িপাল্লার প্রাপ্ত ভোট ৯৩ হাজার ১৬৭। ধানের শীষের প্রার্থীর ভোট ৮৩ হাজার ১০৫।

কক্সবাজারের চার আসনেই বিএনপির একক আধিপত্য: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। জামায়াতের ড. এ এইচএম হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির জেলা সভাপতি শাহাজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।

পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনেই বিএনপি জয়ী: পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

রাঙামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। খাগড়াছড়ি আসনেও বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৭ হাজার ৮৭৯ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X