

দ্রুততম সময়ে রাজধানীর নিজ সংসদীয় আসনের হাতিরঝিল এলকায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি একটি গর্হিত অপরাধ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক আর যাই হোক, সেটা বিবেচনায় নেয়া হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুতসময়ে নিশ্চিত করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে নাহিদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন মব কালচার থাকবে না। কিন্তু কয়েকটি ঘটনা ঘটছে, শাপলা কলিতে ভোট দেয়ার কারণে হামলা চলছেই।