

অসচ্ছল মানুষের সহায়তায় ‘এক টাকায় ঈদ বাজার’ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে দিনব্যাপী ৫১০ জন নারী মাত্র এক টাকায় চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ সামগ্রী ক্রয় করেন।
বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর উদ্যোগে এই ঈদ বাজারের আয়োজন করা হয়।
ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যাতে সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ।
তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করছে।
আসাদুল হাবিব দুলু বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ওসি আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী মানুষজন উপস্থিত ছিলেন।