

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত ও হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। হাসপাতালে চিকিৎসাধীন ছয় মাস বয়সী আরও এক শিশু বুধবার (১ এপ্রিল) রাতে মারা গেছে। শিশুটির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) এক দিনেই হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩২ শিশু। বর্তমানে হাসপাতালে পুরোপুরি হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০। নতুন ও পুরোনো মিলিয়ে এখন পর্যন্ত হামের লক্ষণ (Measles Suspected) নিয়ে মোট ৩৪০ শিশুকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডা. শঙ্কর আরও জানান, রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে প্রয়োজনে একটি পুরো শিশু ওয়ার্ডকে ‘হাম আইসোলেশন ইউনিটে’ রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সচিবের নির্দেশনায় গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের শিশু আইসিইউতে আগের ১২টি বেডের সঙ্গে আরও ৬টি বেড যুক্ত করে মোট সংখ্যা ১৮ করা হয়েছে। এরমধ্যে ১২টি বেড শুধু হামে আক্রান্ত শিশুদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
রামেক হাসপাতালের আইসিইউ বেডের ওপর চাপ কমাতে সাময়িকভাবে রাজশাহীর ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’- এর আইসিইউতে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ শিশুদের সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।