

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অবৈধভাবে পেট্রোল এনে খুচরা বিক্রির অভিযোগে এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে হানিফ তালুকদার (৩৫) নামের ওই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে পেট্রোলিয়ামে আইন, ২০১৬-এর ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, হানিফ তালুকদার খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে অবৈধভাবে পেট্রোল এনে মোরেলগঞ্জের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হানিফ তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ইসমাইল তালুকদারের ছেলে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।