

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাছিমা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্বজনরা জানান, বুধবার (১৫ এপ্রিল) সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর সে আর বাড়ি ফেরেনি।
কোটচাঁদপুর থানার কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।