

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ইস্পাহানি প্রেজেন্টস চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ফুটসাল কার্নিভাল ২০২৬ সিজন-৩’।
গত ৩০ ও ৩১ মে বায়েজিদ অক্সিজেন টার্ফ, রুবি গেটে অনুষ্ঠিত এই আয়োজন চট্টগ্রামের স্কুলভিত্তিক সর্ববৃহৎ ফুটসাল কার্নিভাল হিসেবে পরিচিতি পেয়েছে।
আয়োজনে ১৯৯০ থেকে ২০২৭ সাল পর্যন্ত ২৮টি ব্যাচের অংশগ্রহণে ১ হাজারের বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী যুক্ত হন। দুই দিনে প্রায় ৫ হাজার দর্শক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পুরো ভেন্যুতে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ভেটেরান ও গ্যালাক্সি—এই দুই বিভাগে ভাগ করা হয়। ভেটেরান বিভাগের ফাইনালে সিজিএইচ ১০ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে মিলেনা ২০০০-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গ্যালাক্সি বিভাগের ফাইনালে দ্য পোস্ট সিকারস ৩-১ গোলে ব্যাচ ২০১৩-কে হারিয়ে শিরোপা জিতে।
ভেটেরান বিভাগে সেরা খেলোয়াড় হন শরফুদ্দিন (ব্যাচ ২০১০), সর্বোচ্চ গোলদাতা ফয়সাল হাবিব (ব্যাচ ২০০৩), সেরা গোলরক্ষক যৌথভাবে আসিফ মাহমুদ (ব্যাচ ১৯৯৬) ও আমানুল রিয়াদ (ব্যাচ ২০১০)। এমভিপি হন হিমু (ব্যাচ ২০০০) এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় লিজেন্ডস অব ৯৬।
গ্যালাক্সি বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আসিফ মাশরুর (২০১১), সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল নাফিস আহমেদ (২০১১), সেরা গোলরক্ষক তৌসিফ মান্নান (২০২০) এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় ডার্ক ডেমনস এফসি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ স্যার ও মহিউদ্দিন স্যার, ভেলোসিটি ইন্টারনেটের সিইও মিরাজ ফাইয়াজ, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগনেন্সের পরিচালক রুহুল আমিন সবুজ, প্রাক্তন শিক্ষার্থী মো. রিপন (ব্যাচ ১৯৯০), মুনতাসির রুবায়েত (ব্যাচ ১৯৯১), জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মানস রঞ্জন চৌধুরী এবং ইস্পাহানি গ্রুপের এজিএম মোহাম্মদ তারেক আমিন।
আয়োজকরা জানান, এই কার্নিভাল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐতিহ্যের বন্ধন পুনর্গঠনের একটি অনন্য উদ্যোগ। আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়।