

বরিশাল নগরীতে মাদকদ্রব্য কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তার কাছ থেকে ৫টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি থেকে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আটক পুলিশ কনস্টেবলের নাম তানহাদ আহমেদ নীরব (২৬); তার আইডি কং/১৫৭৯, বিপি-৯৯২০২৩৫৮০৪। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেডিসি কলোনি এলাকায় বুধবার রাতে পুলিশের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম চলছিল। এ সময় ওই এলাকা থেকে তানহাদ আহমেদ নীরব নামে এক যুবককে আটক করেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী। পরে জানা যায়, আটক ব্যক্তি একজন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।