

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় এক সার্জেন্টসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শামীম হোসেন, কনস্টেবল মো. আনিসুর রহমান, মো. আব্দুল হান্নান ও মো. শাহ আলমসহ মোট পাঁচজন। তারা সবাই কুমিরা হাইওয়ে থানায় কর্মরত।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কে নিয়মিত দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের টহল গাড়িটি চট্টগ্রামমুখী লেন দিয়ে সীতাকুণ্ড সদরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্যই কমবেশি আঘাত পান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার পরপরই অজ্ঞাত ঘাতক গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সেটিকে আটক করা সম্ভব হয়নি।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।