

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার রামরামপুর সীমান্তে ওই বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় ৬০ বছর বয়স্ক ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়।
বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ঢুকতে পারেননি ওই ব্যক্তি।
জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, কয়েক দিন ধরে এ সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। আজ সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে।