

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৬) উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাহাদিয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।