

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি আবার নতুন করে প্রেমে পড়েছেন!
প্রভা বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যার প্রতি মুহূর্তের স্থিরচিত্র তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। সেখানকার পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। তেমনি কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন এ অভিনেত্রী, তবে এরমধ্যে একটি ছবি একটু বিশেষভাবে নেটিজেনদের নজরে এসেছে। যেখানে দেখা গেছে, হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন প্রভা। আর সেই বেলুনে লেখা- 'আই লাভ ইউ'। আর এতেই শুরু হয়েছে আলোচনা।
অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিকমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ। এ ছাড়াও অভিনেত্রীর সর্বশেষ পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে দুটি খাবারের প্লেট নিয়ে বসে থাকতে। ছবিতে প্রভাকে দেখা গেলেও, অন্য প্লেটটি কার বা সঙ্গে কে আছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। ক্যাপশনে শুধু অভিনেত্রী লিখেছেন, 'লাঞ্চ করেছেন'? সাম্প্রতিক সময়ের তার এই ইঙ্গিতপূর্ণ পোস্টগুলোই নতুন প্রেমের গুঞ্জনে আরও ঘি ঢালছে।
প্রসঙ্গত, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ২০১৪ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।