

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৯৪ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ৯৪৫ রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সময়ে দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯ হাজার ৯২৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৬৬ হাজার ৯৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ১৪৫ জন। বাকিরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে মারা গেছে ৯২ জন শিশু। অন্যদিকে হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন। এই দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ দেশজুড়ে নজরদারি, চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ইঙ্গিত দিচ্ছে, হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি সময়মতো টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।