

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নুরুল হক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট মো. কামাল হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। হাসনাত হোসাইনও এ মামলার অন্যতম আসামি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম হাসনাত হোসাইন। এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে তিনি তার ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।