

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রার্থীরা এখন থেকে অনলাইনে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আনুষ্ঠানিক মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রচার এখনও চলতে পারে। তবে আনুষ্ঠানিক প্রচারণা—মিছিল, সমাবেশ—এগুলো এখন বন্ধ। আইন অনুযায়ী কোনো প্রার্থী বা সমর্থক ব্যক্তিগতভাবে ভোটারের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইতে পারেন; এতে কোনো সমস্যা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় গণনায় তুলনামূলক বেশি সময় লাগবে।
ইসি সানাউল্লাহ জানান, কালো টাকার লেনদেনের বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজর রাখতে বলা হয়েছে। এভাবে নির্বাচন প্রক্রিয়া নিরাপদ ও সুষ্ঠু রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।