

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
গতকাল শুক্রবার (১০ জুলাই) জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সিলেটের দরগাহ-এ-হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দেশের কল্যাণ, শান্তি এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, আমরা আধ্যাত্মিক নগরী সিলেট থেকে আমাদের দেশব্যাপী সাংগঠনিক সফর ও দলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলাম।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাগপা মাঠপর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। সিলেট সফর শেষে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও দলটির সাংগঠনিক সফর ও কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মাজার জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান রোকনউদ্দিন হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী তালুকদার, প্রচার সম্পাদক কামরুল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম বকুল, সিলেট জেলা সেক্রেটারি জাহিদ নুর, সুনামগঞ্জ জেলার সভাপতি নবীর হোসেন এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সিলেট মহানগরের সভাপতি সৈয়দ মুসলেম উদ্দিন, মহানগরের সাধারণ সম্পাদক মেরাজ মিয়া ও কামাল মিয়াসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।