

জার্মান আওয়ামী লীগের হেসেন রাজ্য শাখার সভাপতি মনোনীত হয়েছেন আকরামুজ্জামান কামাল ভূঁইয়া ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ফিরোজ আহমেদ।
রবিবার (১৭ ডিসেম্বর) জাতীয় সংগীত, দলীয় সংগীত, পবিত্র কোরআন তেলওয়াত, গীতা, বাইবেল পাঠের মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয় ফ্রাংকফোর্টের একটি অডিটরিয়ামে। ত্রিবার্ষিক সম্মেলন শেষে তাদের মনোনীত করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন। উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির, পরিচালনা করেন ফিরোজ আহমেদ এবং জার্মান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আমেনা হক সুইটি ও সভাপতিত্ব করেন আকরামুজ্জামাল কামাল ভূঁইয়া।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। তিনি তার বক্তৃতায় বলেন, হেসেন রাজ্যের আওয়ামী লীগের এ নতুন কমিটির তরুণ ও যোগ্য নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। এ ছাড়া উপস্থিত ছিলেন নূর জাহান খান নূরী, মাসুদ রহমান, সূর্য কান্ত ঘোষ, আউয়াল খান, শেখ রেদোয়ান, লিখনসহ আরও অনেকে।
নতুন কমিটির নেতাদের শপথ পাঠ করান সিনিয়র নেতারা। নব-মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।