

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে আঘাত হানা দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগের ঝড়ে বহু যানবাহন উল্টে যায় এবং অসংখ্য ভবনের ছাদ উড়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সোমবার সন্ধ্যায় চার ঘণ্টাব্যাপী প্রবল ঝড় হুয়াংশি, হুয়াংগাং, ইঝৌ ও শিয়াননিং শহরে ব্যাপক তাণ্ডব চালায়। হুবেই আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, প্রদেশটিতে ঘূর্ণিঝড় অত্যন্ত বিরল ঘটনা। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০২১ সালের মে মাসে।
এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারী বৃষ্টি, তাপপ্রবাহ ও ঝড়ে প্রতি বছর দেশটির অর্থনীতিতে বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে।
অন্যদিকে, পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। এর আগে মাইসাক টাইফুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানেও শুক্রবার থেকে টাইফুনটির প্রভাব শুরু হতে পারে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া কর্তৃপক্ষ।