

ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজ। বুশেহর প্রদেশেই ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে বুশেহর পারমাণবিক স্থাপনাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দেয়।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সংঘাতের মধ্যে সামরিক স্থাপনার বাইরে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার এটি ভয়ংকর ঘটনা বলে মনে করা হচ্ছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তুর্কমেনিস্তান সীমান্তসংলগ্ন গোলেস্তান প্রদেশের আক কালা এলাকায় অবস্থিত একটি রেলসেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে।