

ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করে ভারতের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী এখন তিনি।
মঙ্গলবার (০৯ জুন) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোদি। এরপর ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন তিনি। এর মাধ্যমে টানা চার হাজার ৩৯৯ দিন ক্ষমতায় থেকে তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন মোদি। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দীর্ঘদিনের রেকর্ড।
নতুন এই অর্জনের পর নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক অভিনন্দন বার্তায় বলেন, এই মাইলফলক শুধু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ভিডিও বার্তায় মোদিকে ‘নেতৃত্বের আদর্শ ও অনুকরণীয় উদাহরণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মোদির নেতৃত্বে ২০ কোটির বেশি ভারতীয় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার বলেন, মোদির নেতৃত্বে ভারত বৈশ্বিক নানা বিষয়ে অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ পটভূমি থেকে উঠে এসে ১৪০ কোটিরও বেশি মানুষের দেশকে টানা তিন মেয়াদে নেতৃত্ব দেওয়ার যাত্রা বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
ঐতিহাসিক এই মাইলফলক অতিক্রম করার পর এখন মোদির তৃতীয় মেয়াদের বাকি সময় ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রযাত্রার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।