

গত বছরের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো। দুর্ঘটনার এক বছর পূর্তিতে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের জন্য আরও সময় প্রয়োজন। খবর বিবিসির।
২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত বিজে মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের চিকিৎসকদের আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।
এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জন এবং মাটিতে থাকা ১৯ জনসহ মোট ২৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক এবং ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। একমাত্র জীবিত উদ্ধার হন যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা বিশ্ওয়াশকুমার রমেশ।
তদন্ত ব্যুরো জানিয়েছে, গত এক বছরে তদন্তকারীরা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত, পরিচালনাগত, সাংগঠনিক এবং মানবিক বিভিন্ন বিষয় গভীরভাবে পর্যালোচনা করেছেন। ফ্লাইট রেকর্ডারের তথ্য, বিমানের বিভিন্ন সিস্টেম, ইঞ্জিনের উপাদান, রক্ষণাবেক্ষণ নথি এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে সংস্থাটি জানিয়েছে, সংগৃহীত প্রমাণ ও পরীক্ষার ফলাফল এখনো সমন্বিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সব তদন্ত কার্যক্রম শেষ হওয়া এবং আন্তর্জাতিক পর্যালোচনা ও পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বিবৃতিতে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ব্যুরো উল্লেখ করেছে, দুর্ঘটনা তদন্তের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে বিমান চলাচলের নিরাপত্তা বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দোষ নির্ধারণ করা নয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী দুর্ঘটনার এক বছর পূর্তিতে তদন্তের অগ্রগতি সম্পর্কে আপডেট প্রকাশ করা বাধ্যতামূলক। এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় চেয়েছে।