

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বাহরাইন হয়ে নতুন ফ্লাইট পরিষেবা চালুর পরিকল্পনা স্থগিত করেছে মালয়েশিয়ার স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ারএশিয়া এক্স।
বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এয়ারএশিয়া এক্স এক বিবৃতিতে স্থগিতের বিষয়টি জানায়। তারা বলেছে, কুয়ালালামপুর থেকে বাহরাইন হয়ে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর পর্যন্ত নতুন রুটটি জুন মাসে চালু হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরিষেবা চালুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এয়ারএশিয়া এক্স-এর মতে, বাজার পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনা আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে প্রভাব পড়ছে। বেশ কয়েকটি এয়ারলাইন ইতোমধ্যে তাদের কিছু রুট পরিবর্তন, সীমিত বা স্থগিত করার পদক্ষেপ নিয়েছে।
এয়ারএশিয়া এক্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি অনুযায়ী ফ্লাইট চালু করা হবে।