

ক্রীড়ামোদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন আজ। রাতেই যে পর্দা উঠবে ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। এমন দিনেই আজ বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপ না জিতলেও পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ শুরুর দিনে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই আজ নজিরবিহীন এক কীর্তি গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়া কোনো রান তোলার আগেই বাংলাদেশ তুলে নিয়েছে ৩ উইকেট। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে বিব্রত করেছে বাংলাদেশ তা রীতিমতো অভাবনীয়ই বটে!
প্রথম ম্যাচেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শুরুটা এনে দিয়েছিলেন। এরপর রীতিমতো নাহিদ রানার গতির তোপের তছনছ করে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৮৬ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। বৃহস্পতিবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে আরও দুঃস্বপ্নের মতো। তাসকিন ও মোস্তাফিজের তোপের মুখে শুরুতেই বিপর্যয়ে পড়েছে অজিরা।
এদিন ইনিংসের তৃতীয় বলেই অজি ওপেনার ম্যাথ শর্টকে বোল্ড করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ছেড়ে দেন শর্ট, সেটা ভিতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। পরের ওভারে জোড়া ধাক্কা দেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই আউট হয়ে যান কনোলি। এরপর ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। দুই ওপেনারই ডাক মেরেছেন, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র দুইবার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটালো বাংলাদেশ।
এছাড়া এর আগে কখনোই শূন্য রানে ৩ উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। সবচেয়ে কম রানে যখন তারা ৩ উইকেট হারিয়েছিল, তখনও স্কোরবোর্ডে রান ছিল ৫।
ওয়ানডেতে কোনো রান তোলার আগেই প্রথম তিন উইকেট হারানো মাত্র চতুর্থ দল অস্ট্রেলিয়া। আগের তিনটি দলের মধ্যে সর্বশেষ দলটি ছিল বাংলাদেশ; ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলেই এমন দশা হয়েছিল খালেদ মাসুদের দলের, হ্যাটট্রিক করেছিলেন চামিন্ডা ভাস।
এছাড়া, ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে কোনো রান যোগ না করেই টানা চার ইনিংসে উইকেট হারাল অস্ট্রেলিয়া। এর আগে এই ক্লাবে ছিল শুধু পাপুয়া নিউগিনি। শুধু তাই নয়? বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে ফিরেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। এ নিয়ে সর্বশেষ ৩ ওয়ানডেতেই শূন্য রানে ফিরেছেন তিনি।