

ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে মার্কিন প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান জানান, স্থানীয় মালিকানাধীন ১৫০ টন ধারণক্ষমতার কার্গো বার্জটি ওমানের খাসাব বন্দর থেকে জরুরি পণ্য বহন করে ফিরছিল। বৃহস্পতিবার ভোরে খাসাব উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে এতে একটি মার্কিন প্রজেক্টাইল আঘাত হানে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বার্জে থাকা পাঁচজন নাবিককে আশপাশ দিয়ে যাওয়া জাহাজগুলো উদ্ধার করে নিরাপদে ওমানে নিয়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জানিয়েছে, ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজ-সংক্রান্ত ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।