

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুন থেকে শুরু হওয়া মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোর রয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, সাম্প্রতিক হামলার পর ইরানের জনগণ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। এসময় তিনি হরমুজগান প্রদেশে বেসামরিক অবকাঠামোতে হামলা এবং সাধারণ মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হরমুজগানে নিহত ৮ জনের ছবি প্রকাশ করে বলেন, এভাবেই যুক্তরাষ্ট্র তার কথিত শক্তি প্রদর্শন করে বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে।
তিনি আরও অভিযোগ করেন, গত রাতে হরমুজগান প্রদেশে অবৈধ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সেতুগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং ৪ নারীসহ ৮ নিরীহ ইরানিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দুই প্রতিবন্ধী ভাইও ছিলেন।