

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এবং নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়া না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। খবর ইরনার।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক বার্তায় জোলঘাদর বলেন, অঞ্চলে যেখানেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, সেখানেই যুক্তরাষ্ট্রের কোনো না কোনো সামরিক, নিরাপত্তা বা আর্থিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
তিনি বলেন, আমাদের যোদ্ধাদের ধারাবাহিক ও নির্ভুল হামলা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইরানি জাতির ক্ষোভের বহিঃপ্রকাশ।
জোলঘাদর আরও বলেন, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ এবং মিনাব, লামের্দসহ বিভিন্ন স্থানে নিহত নিরীহ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে, ইনশাআল্লাহ।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে বলেন, ওই হামলায় ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মিনাব ও লামের্দ শহর লক্ষ্যবস্তু হয়। তার দাবি, স্কুল, ক্রীড়াকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় চালানো হামলায় শিশুদেরসহ বহু সাধারণ মানুষ নিহত হয়।