কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্ট ঘিরে শোরগোল, বিক্ষোভ

আইডি হ্যাক হওয়ার দাবি
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা একটি পোস্ট নিয়ে চলছে তুমুল শোরগোল। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন ছাত্রদল এবং বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন জামায়াত আমির। এ ছাড়া রাজধানী ঢাকায় ঝাড়ুমিছিল করে জামায়াত আমিরকে প্রকাশ্যে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা।

যদিও জামায়াতে ইসলামীর দাবি, ওই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি। ওই অ্যাকাউন্টটি গত শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয় এবং তখন পোস্টটি করা হয়। আর বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি তারা হ্যাকারদের দখল থেকে ফিরিয়ে এনে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ ছাড়া এই হ্যাকিংয়ের সঙ্গে একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

তবে দেশজুড়ে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপিসহ অনেকেই। বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশে দেওয়া কথিত নোংরা, জঘন্য ও অবমাননাকর বক্তব্য সঠিক হলে তা পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার একটি ভয়ংকর অপচেষ্টা।

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া যে পোস্ট ঘিরে শোরগোল পড়ে তাতে বলা হয়, ‘নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়—এটা নীতিগত। আমরা মনে করি না, নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেন না। আমরা বিশ্বাস করি যে, যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয়, বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই।’

মুহূর্তের মধ্যেই এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা তৈরি হয়। পরে শনিবার মধ্যরাতে ওই অ্যাকাউন্ট থেকেই দেওয়া আরেকটি পোস্টে বলা হয়, শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

এ ছাড়া রাত ১২টা ৪০ মিনিটে এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে আমিরে জামায়াতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।’

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট আমিরে জামায়াতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।’

বিষয়টি নিয়ে শনিবার রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় জামায়াতের পক্ষ থেকে। জিডিতে শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান ও দলের পক্ষে জিডি করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

পরে গতকাল রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমিরে জামায়াত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে আমাদের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরও জোরালো করে। আমরা মনে করছি, এর সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী চক্র জড়িত থাকতে পারে।’

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল হালিম ও সাংবাদিক ওলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক—প্রশ্ন বিএনপির: শফিকুর রহমানের আইডি থেকে ‘নারীবিদ্বেষী’ পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, সংগত কারণেই প্রশ্ন ওঠে যে, নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, তার ভেরিফায়েড এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ করে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী যে আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করি। তিনি (জামায়াত আমির) তার এক্স (টুইটার) অ্যাকাউন্টের পোস্টে গতকাল (শনিবার) তথা ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে যা লিখেছেন, তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায়—‘আমরা বিশ্বাস করি যে, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়—এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই।’

কয়েকদিন আগে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেছিলেন, তার দলের শীর্ষ পদে কখনো কোনো নারী যেতে পারবেন না। কেননা, তার ভাষায়, আল্লাহ নারীদের নেতৃত্ব দেওয়ার মতো করে তৈরি করেননি। ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে মাহদী আমিন জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের পোস্ট এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি—কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল, জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকিংয়ের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য? এমনকি ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী প্রমুখ।

ক্যাম্পাসে বিক্ষোভ, ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি: জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন ছাত্রদল, ছাত্রফ্রন্টসহ বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বক্তব্য দেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল বের হয়। এ সময় ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে—এটি নতুন নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটি প্রমাণ করে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদলও। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং পরে সেখান থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই ইস্যুতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শনিবার রাত ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ঝাড়ু হাতে বিভিন্ন স্লোগান দেন।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার বলেন, ‘তারা ধর্মকে ব্যবহার করে নারীদের অবমাননা করছে। রাষ্ট্রের কাছে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন নেই?’

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১০

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১১

আগুনে পুড়ল বিদ্যালয়

১২

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৩

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৪

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৫

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৬

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৭

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৯

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

২০
X