রাফসান জানি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

পুলিশের মতামত উপেক্ষা করে বানানো হয় নতুন পোশাক

পুলিশ সদস্যদের অভিযোগ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের অংশ হিসেবে গত বছরের নভেম্বরে বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে। তবে নতুন পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না অনেক পুলিশ সদস্য। তাদের অভিযোগ, লৌহ (আয়রন) রঙের নতুন ইউনিফর্ম অন্যান্য বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, দেশের আবহাওয়ার জন্য পুরোপুরি উপযোগী নয় এবং সদস্যদের মতামত ছাড়াই এটি নির্ধারণ করা হয়েছে। এ কারণে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি উঠেছে বাহিনীর ভেতর থেকেই।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই প্রেক্ষাপটে বাহিনীর কাঠামোগত সংস্কার এবং ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। জনআস্থা পুনর্গঠন ও ভাবমূর্তি পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিষয়টি গুরুত্ব পায় নীতিনির্ধারণী পর্যায়ে।

পরে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ইউনিফর্ম পুনর্নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি রং, নকশা, ব্যবহারিক দিক ও আন্তর্জাতিক মান বিবেচনায় একটি প্রস্তাব চূড়ান্ত করে। সরকারের অনুমোদনের পর নতুন রঙের ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৪ নভেম্বর থেকে দেশের সব মহানগর পুলিশের সদস্যরা লৌহ রঙের নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেন। পর্যায়ক্রমে জেলা পুলিশেও তা কার্যকর করা হয়।

তবে নতুন সরকার গঠনের পর এই ইউনিফর্ম নিয়ে অনীহার কথা প্রকাশ্যে আসে। ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং নন-ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

দুই সংগঠনই আগের খাকি পোশাক বহাল রাখার পক্ষে মত দিয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি ইউনিফর্ম নির্ধারণ করেছিল। সে সময় দেশের আবহাওয়া, সদস্যদের গায়ের রং, দিনরাতের ডিউটিতে সহজে শনাক্তকরণ এবং অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।

সংগঠনের নেতাদের দাবি, নতুন ইউনিফর্ম নির্ধারণের ক্ষেত্রে এসব বাস্তবতা ও সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। তাদের ভাষ্য, যথাযথ জনমত যাচাই ছাড়াই এমন একটি পোশাক নির্বাচন করা হয়েছে, যা অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সঙ্গে প্রায় অভিন্ন।

কুমিল্লা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাক দেশের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি অন্য বাহিনীর সঙ্গে মিলে যায় এবং বিশেষ করে রাতের বেলায় দায়িত্ব পালনের সময় দৃশ্যমানতা কমে যায়। তিনি জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে এবং এখন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। পুলিশের পোশাক শুধু একটি কাপড় নয়; এর সঙ্গে ঐতিহ্য, শৃঙ্খলা ও আবেগ জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকার রমনা বিভাগের একটি থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বেশিরভাগ সদস্য নতুন পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। বাইরে দায়িত্ব পালন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। তার মতে, এই পরিবর্তন সদস্যদের মনোবলেও প্রভাব ফেলেছে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি লেখেন, ‘পুরোনো পোশাকের সঙ্গে আত্মবিশ্বাস, মনোবল ও জনগণের আস্থার সম্পর্ক ছিল। তার দাবি, এটি শুধু ব্যক্তিগত নয়; অনেক সদস্য ও সাধারণ মানুষেরও একই প্রত্যাশা।’

সোয়া দুই লাখ অধস্তন পুলিশের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে বলেছে, ইউনিফর্ম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অধস্তন সদস্যদের অভিজ্ঞতা, পেশাগত বাস্তবতা, আবেগ ও ঐতিহ্যকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। হঠাৎ পরিবর্তনের ফলে সদস্যদের আত্মমর্যাদা ও পেশাগত পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহ্যগত সংযোগে প্রভাব পড়েছে বলে সংগঠনটি মনে করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু বলেন, পুলিশের পোশাক শুধু একটি আনুষ্ঠানিক পরিধান নয়; এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব, জনআস্থা, নিরাপত্তা ও পেশাগত মর্যাদার প্রতীক। দীর্ঘদিন ব্যবহৃত ঐতিহ্যবাহী ইউনিফর্মটি জনগণের কাছে আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত ছিল। সেই পরিচিত রং, নকশা ও দৃশ্যমানতা পুলিশের তাৎক্ষণিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন ইউনিফর্মে সেই স্বতন্ত্রতা ও ঐতিহ্যগত ধারাবাহিকতা বজায় থাকেনি, যা বহু নাগরিক ও পুলিশ সদস্যের মতামতে প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার বলেন, পূর্বের অধিক গ্রহণযোগ্য, দৃশ্যমান ও স্বতন্ত্র ইউনিফর্ম পুনর্বহালের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১০

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১১

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১২

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৩

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৭

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৯

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X