

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।’
এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মিছিলে অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগবিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।