আরিফুল ইসলাম রাফি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

নীল অর্থনীতি ও মৎস্য খাত

নীল অর্থনীতি ও মৎস্য খাত

বাংলাদেশের সম্ভাবনার এক বিশাল দরজা খোলা রয়েছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। নীল অর্থনীতি অর্থাৎ, সাগর ও সামুদ্রিক সম্পদনির্ভর টেকসই অর্থনৈতিক উন্নয়ন এখন শুধু গবেষণার বা আলোচনার বিষয় নয়; বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপকল্পের অন্যতম প্রধান স্তম্ভ। বিশেষ করে মৎস্য খাত, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয় নিশ্চিত করেছে, নীল অর্থনীতির যুগে এক নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে।

সমুদ্রসীমা নিষ্পত্তির পর বাংলাদেশ এখন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমার অধিকার পেয়েছে, যা একটি পূর্ণাঙ্গ মেরিন রিসোর্সভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য যথেষ্ট। বাংলাদেশে মোট প্রাণিজ প্রোটিনের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। এ খাত সরাসরি প্রায় ২০ লাখ মানুষের জীবিকা নিশ্চিত করে। পরোক্ষভাবে এ সংখ্যা ৪০-৫০ লাখে দাঁড়ায়। একসময় নদীনির্ভর মাছ ছিল প্রধান উৎস; এখন চাষভিত্তিক উৎপাদন দেশকে বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছে দিয়েছে। কিন্তু সমুদ্রভিত্তিক মাছ ধরা, বিশেষ করে গভীর সমুদ্রের সামুদ্রিক মাছ ও মূল্যবান প্রজাতি এখনো তুলনামূলকভাবে অনাবিষ্কৃত।

বিশ্বব্যাপী মেরিন ফিশারিজের বাজার ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, বিশেষ করে টুনা, স্কুইড, লবস্টার, সি বাস, গ্রুপার, ইয়েলোফিন প্রভৃতি প্রজাতির চাহিদা বহুগুণ বাড়ছে। বাংলাদেশ চাইলে এ বাজারে প্রতিযোগিতামূলকভাবে প্রবেশ করতে পারে।

বাংলাদেশের জাহাজ ও নৌপ্রযুক্তি এখনো গভীর সমুদ্রের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ফলে এ খাত থেকে আহরণের হার মাত্র ২০-২৫ শতাংশ। উন্নত ট্রলার, প্রযুক্তি, জিপিএসভিত্তিক নেভিগেশন এবং দক্ষ নাবিক তৈরি করতে পারলে এ খাত বছরেই বহুগুণ এগিয়ে যেতে পারে। সামুদ্রিক খাঁচা-চাষ বা মেরিন কেজ কালচার বাংলাদেশে বড় আকারে শুরু হয়নি। অথচ মালদ্বীপ, ভিয়েতনাম, ফিলিপাইনের মতো দেশগুলো এ খাতে বিপ্লব ঘটিয়ে কোটি কোটি ডলার আয় করছে। ম্যাংগ্রোভ বন, সিগ্রাস বেড—এসবকে ব্যবহার করে নীল কার্বন ট্রেডিং ভবিষ্যতে বড় আয়ের উৎস হতে পারে। একই সঙ্গে টেকসই মাছ ধরা, নিষিদ্ধ মৌসুমে কড়াকড়ি, বায়োডাইভার্সিটি রক্ষা—এসব নিশ্চিত করলেই উৎপাদন স্থায়িত্ব পাবে। কাঁচা মাছ রপ্তানির দিন শেষ। এখন প্রয়োজন ভ্যালু, অ্যাডেড পণ্য, ফিশ ফিলেট, ক্যানড ফিশ, সি-ফুড মিক্স, সুরিমি পণ্য। বিদেশে এর চাহিদা এত বেশি যে, সামান্য বিনিয়োগেই বাংলাদেশ বছরে কয়েকশ মিলিয়ন ডলার রপ্তানি আয় বাড়াতে পারে।

গভীর সমুদ্র মৎস্য আহরণে ব্যবহৃত প্রযুক্তি রাডার, সোনার, ফিশ-ফাইন্ডার, ট্রলিং সিস্টেম এখনো যথেষ্ট আধুনিক নয়। মেরিন বায়োলজিস্ট, ওশানোগ্রাফার, মেরিন টেকনোলজিস্ট—এসবের ঘাটতি রয়েছে। নীল অর্থনীতি টেকসইভাবে বাস্তবায়নের মূল ভিত্তি গবেষণা। অথচ এ খাতে সরকারি ও বেসরকারি গবেষণায় বরাদ্দ এখনো কম। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, সাগরের তাপমাত্রা পরিবর্তন; এগুলো মাছের প্রজনন ও বসবাসের ওপর সরাসরি প্রভাব ফেলছে। নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা, ছোট মাছ ধ্বংস, অপরিকল্পিত জাল ব্যবহার—এসব এরপরও পুরোপুরি বন্ধ হয়নি।

বাংলাদেশ যদি নীল অর্থনীতি থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চায়, তাহলে কয়েকটি কৌশল জরুরি। বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ উদ্যোগ, আধুনিক ট্রলার ক্রয়ে ভর্তুকি গভীর সমুদ্র নেভিগেশন প্রশিক্ষণের উদ্যোগী হতে হবে। নির্দিষ্ট এলাকায় সি-ফুড চাষের জন্য মেরিন ইকোনমিক জোন গড়ে তোলা যেতে পারে। সিঙ্গাপুর ও চীন এভাবে বিপুল আয়ের উৎস তৈরি করেছে। ইনস্টিটিউট অব মেরিন রিসার্চ, মেরিন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটকে আরও শক্তিশালী করা জরুরি। মাছের প্রজনন মৌসুমে জেলে সহায়তা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত মাছ ধরা রোধে কঠোর শাস্তি, সাগর-পরিবেশ রক্ষায় স্যাটেলাইট মনিটরিং। আধুনিক ফিশ প্রসেসিং প্লান্ট, আন্তর্জাতিক মান বজায় রাখা, বিশ্ববাজারে ব্র্যান্ডিং নিয়ে ভাবতে হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, নীল অর্থনীতি বাংলাদেশকে সামগ্রিক জিডিপিতে অতিরিক্ত ২-৩ শতাংশ অবদান দিতে পারে। শুধু মৎস্য খাত থেকেই বছরে ৫-৭ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব। ২০২৫-৩৫ দশকে বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনৈতিক টার্নিং পয়েন্ট আসতে পারে; যদি প্রযুক্তি, গবেষণা, নীতি সহায়তা এবং জেলেদের জীবিকা ও নিরাপত্তার সঠিক সমন্বয় করা যায়।

বাংলাদেশের নীল অর্থনীতি এখন আর দূরের স্বপ্ন নয়, এটি একটি বাস্তব ও সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমাদের চারপাশের জলের এ বিশাল ভান্ডার—মাছ, খনিজ, জ্বালানি, বায়োডাইভার্সিটি সবকিছু মিলিয়ে নীল অর্থনীতি আগামী প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে। মৎস্য খাত এর কেন্দ্রবিন্দু। কারণ, এটি বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত। সঠিক পরিকল্পনা নিলে, বঙ্গোপসাগরের নীল জলই হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের উৎস।

আরিফুল ইসলাম রাফি, শিক্ষার্থী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X