কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

তারেকের প্ল্যান: লুথার কিংয়ের ড্রিম

মোস্তফা কামাল
তারেকের প্ল্যান: লুথার কিংয়ের ড্রিম

‘ফেরা’, ভাটি অঞ্চলের মানুষের জীবনকাব্য নিয়ে হুমায়ূন আহমেদের সাড়া জাগানো উপন্যাস। যেখানে রয়েছে হাওরের মায়াময় সৌন্দর্য, হাওরবাসীর উদাসী ও সংগ্রামী জীবনালেখ্যের চমৎকার বর্ণনা। ‘ফেরা’য় নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের কথা আসেনি। হাওর অঞ্চলের মূল পেশা মাছ শিকার ও ধান চাষ হলেও হুমায়ূন আহমেদ নির্দিষ্ট কোনো পেশাজীবী সম্প্রদায়ের ছবি আঁকেননি। যেমন, তিতাস একটি নদীর নাম উপন্যাসে আঁকা হয়েছে মালোপাড়া, পদ্মা নদীর মাঝিতে কুবেরদের জেলেজীবন, হাঁসুলী বাঁকের উপকথায় বনওয়ারী-করালীর কাহার সম্প্রদায়ের জীবন-জীবিকার চলমান রূপ। ভাটি অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, তাদের সংগ্রামী জীবনের সমান্তরালে বহমান বিষণ্নতার সুর, বেঁচে থাকার জন্য চারদিক পরিবেষ্টিত করে রাখা পানির সঙ্গে অবিরাম ও বাধ্যতামূলক যুদ্ধ, তাদের জয়-পরাজয়—এসব কিছুর এক নিখুঁত ও প্রাণছোঁয়া বর্ণনা পাওয়া যায়।

কাকতালীয়ভাবে দেশে ফেরার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া পোস্টের শিরোনামও ‘ফেরা’। এর সঙ্গে সব সম্প্রদায়ের কথা আছে। আছে দেশকে নিরাপদ করার কথাও। সবাইকে নিয়ে চ্যালেঞ্জ জয়ের স্বপ্নের কথা। ফেরা শিরোনামের পোস্টটির সঙ্গে তারেক রহমান নিজের একটি ছবিও যুক্ত করেছেন। ছবিটিতে দেখা যায়, তিনি বিমানে তার আসনে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ও লোগোসংবলিত একটি নথি পড়ছেন। নথিটি ‘মেডিকেল সার্টিফিকেট ফর এয়ার ট্রাভেল’সংক্রান্ত। তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ২৫ ডিসেম্বর সকাল ৯টা ৩৪ মিনিটে। এ পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এ পোস্টেও তারেক রহমান নিজের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দেখা যায়, উড়োজাহাজের জানালা দিয়ে তিনি বাইরে তাকিয়ে আছেন। বাইরে পরিষ্কার আকাশ, উজ্জ্বল আলো।

আরেক পোস্টে লিখেছেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এটি পোস্ট হয়েছে তার দেশে ফেরার পর বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে। দেশে ফিরে বিমানবন্দরে জুতা খুলে খালি পায়ে তার একমুঠো মাটি হাতে নেওয়ার মাঝে এক আবেগময়তা। সংবর্ধনা মঞ্চে আরামদায়ক আসনের বদলে প্লাস্টিকের চেয়ার টেনে বসা। বেলা ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তিনি। এ সময় তার জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে প্লাস্টিকের চেয়ার আনিয়ে তাতে বসেন তারেক রহমান। তারেক রহমানসহ সব শীর্ষ নেতার বসার জন্য আগে থেকেই মঞ্চে বড় চেয়ার সাজানো ছিল। সবাই নির্ধারিত চেয়ারে বসলেও বসেননি তারেক রহমান, একটি প্লাস্টিকের চেয়ার আনিয়ে তাতে বসেন।

দেশ নিয়ে তার কিছু পরিকল্পনার কথাও জানালেন। বলেন, আই হ্যাভ আ প্ল্যান। তা বলেছেন, দেশে ফেরার পর লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভেসে ঢাকার ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে। কথাটি বলার আগে ৬২ বছর আগে আমেরিকার বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণটি স্মরণ করেন তারেক রহমান। ১৯৬৩ সালের ২৭ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে লাখো মানুষের সমাবেশে লুথার কিং বর্ণবৈষম্যমুক্ত যুক্তরাষ্ট্র দেখার স্বপ্নের কথা তুলে ধরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ ড্রিম।’ ওই ধাঁচে বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আর এ পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।’ বক্তব্য শেষ করার পর যখন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অনুষ্ঠান শেষ করার ঘোষণা দিচ্ছিলেন, তখন আবারও মাইকের সামনে এসে তারেক রহমান বলেন, ‘মনে রাখবেন, উই হ্যাভ আ প্ল্যান। উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ, আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।’

তারেকের প্ল্যান, লুথার কিংয়ের ড্রিম, হুমায়ূনের ফেরার মধ্যে কোনো সংযোগ বা যোগসাজশ নেই। সময়, প্রেক্ষিত, প্রেক্ষাপটও ভিন্ন। তবে, তারেক রহমানের ফেরা ও বাংলাদেশের রাজনীতির এ পালাবদলকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাভার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, আলজাজিরা, সিএনএন, দ্য ডন থেকে শুরু করে প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের দেশে ফেরার খবরটিকে প্রধান শিরোনাম করেছে। সঙ্গে গুরুত্বপূর্ণ বিশ্লেষণও জুড়ে দিয়েছে। তারা তারেক রহমানকে আগামী নির্বাচনে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধারের শীর্ষ নেতা’ হিসেবে অভিহিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে—‘বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষনেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন’। ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশেষভাবে উল্লেখ করা হয় সংবাদমাধ্যমটিতে। প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী জিয়া পরিবারের অন্যতম সদস্য ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। আসন্ন নির্বাচনে দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারেন এবং বিএনপি জয়ী হলে তিনিই হতে পারেন দেশের নতুন প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রধান শিরোনামে লিখেছে—‘নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচিত নেতা’। প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশকের নির্বাসন শেষে ঢাকায় ফেরা তারেক রহমানকে ঘিরে তার দল বিএনপি উজ্জীবিত এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকেই প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে—‘১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধীদলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন’। সংবাদমাধ্যমটি তাকে বাংলাদেশের দীর্ঘকালীন শাসক পরিবারের উত্তরাধিকারী এবং দেশের সবচেয়ে শক্তিশালী দলের নেতা হিসেবে উল্লেখ করেছে। তুরস্কের আনাদোলু এজেন্সি লিখেছে—‘১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তারেক রহমান।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস, এপি এবং হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টও এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতের এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে—‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন: নির্বাসনের সময়টি যেমন ছিল’। দ্য টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তারেক রহমানের দেশে ফেরার পর দেওয়া বক্তব্যের একটি বিশেষ অংশকে শিরোনাম করেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছে—“‘আই হ্যাভ আ প্ল্যান’: ১৭ বছর পর বাংলাদেশে ফিরে মার্টিন লুথার কিংকে স্মরণ করলেন বিএনপির তারেক রহমান।” এ ছাড়া ইন্ডিয়া টুডে ও দ্য উইক তারেক রহমানের ফেরা ভারতের জন্য কী বার্তা বহন করছে এবং তার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় অবতরণ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর পর এমন এক সময় তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, যখন নতুন ধরনের অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা দেশকে গ্রাস করেছে। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে সহিংস প্রতিবাদের ঘটনা ঘটেছে। কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘সপরিবার বাংলাদেশে ফিরলেন তারেক রহমান! ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন আশা জাগাচ্ছে বিএনপিকে।’ আন্তর্জাতিক বিশ্লেষকদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো উল্লেখ করেছে, চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার তারেক রহামন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরেছেন। আরব নিউজ, জিও নিউজের মতো আরও অনেক গণমাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমগুলোর বিবরণে, তারেক রহমানের এ ফেরাকে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। জন্মভূমির মাটির সঙ্গে দীর্ঘ প্রায় দেড় যুগের অপ্রত্যাশিত বিচ্ছেদের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিশ্লেষণে তাকে ভবিষ্যত বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে শিরোনাম তো করেছেই। ছিল সামাজিক মাধ্যমে পোস্ট করা তারেক রহমান এবং তার পরিবারের ছবি ও মন্তব্য নিয়ে আবেগঘন বিশ্লেষণ। ছিল দেশে ফেরার পর ভোটার হওয়ার আবেদন করাসহ পরবর্তী কয়েক দিনের কর্মসূচির বিবরণ। ফ্যাসিবাদখ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন—‘পারলে তুই বেটা দেশে আয়।’

তিনি ঠিকই এসেছেন বীরের বেশে, মহা সমারোহে। অথচ যিনি দম্ভভরে আসতে বলেছিলেন সেই তিনিই আজ দেশে নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। আর তারেক রহমান দেশে ফিরে সংবর্ধনায় সিক্ত হয়েছেন দলের বাইরের লাখো-কোটি মানুষেরও ভালোবাসায়। যেখানে ভাবনা ও বিশ্লেষণের অনেক উপাদান। যার ছাপ ও প্রকাশ ঘটেছে বিশ্বসেরা গণমাধ্যমেগুলোতে।

লেখক: সাংবাদিক-কলামিস্ট

ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X