

সেনেগাল তাদের আফ্রিকান ন্যাশন্স কাপ শিরোপা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। নজিরবিহীন সিদ্ধান্তে তাদের শিরোপা কেড়ে নেওয়ার পর দেশটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আফ্রিকান ফুটবল কনফেডারেশন সেনেগালের শিরোপা বাতিল করে তা মরক্কোকে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। সাদিও মানের নেতৃত্বে সেনেগাল ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল। কিন্তু ট্রফি শোভাযাত্রার দুই মাস পরই শিরোপা কেড়ে নেওয়া হলো। কারণ, মরক্কোর দাবি ছিল—ম্যাচের যোগ করা সময়ে সেনেগালের মাঠ ছাড়ার সিদ্ধান্ত খেলার নিয়ম ভঙ্গ করেছে। ১৮ জানুয়ারি রাবায় ম্যাচের শেষ মুহূর্তে স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়ার পর সেনেগাল কোচ পাপে থিয়াও তার দলকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
কঙ্গোর রেফারি জ্যাঁ জ্যাক এনদালা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে চেক করার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন। যা থেকে পরে ব্রাহিম দিয়াজ গোল করতে ব্যর্থ হন। কিন্তু রিয়াল মাদ্রিদের এই তারকা পেনাল্টি নিতে প্রস্তুত হওয়ার সময়ই থিয়াও প্রতিবাদস্বরূপ খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন। পরে সাদিও মানে তাদের মাঠে ফিরিয়ে আনেন। অতিরিক্ত সময়ে পাপে গোয়ে ম্যাচের জয়সূচক এতকমাত্র গোল করেন।
ফাইনালের পর মরক্কো যুক্তি দেয়—সেনেগাল খেলা চালাতে অস্বীকৃতি জানানো মাত্রই ম্যাচ শেষ হয়ে গেছে। তাদের করা আপিল আফ্রিকান ফুটবল সংস্থা গ্রহণ করে, ম্যাচে ৩-০ গোলে মরক্কোকে জয়ী ঘোষণা করা হয়। সেনেগাল ট্রফি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে সিদ্ধান্তকে ‘অন্যায়, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়েছে।
‘সেনেগাল ফুটবল ফেডারেশন এই অন্যায়, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে, যা আফ্রিকান ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ন করে। নিজেদের অধিকার ও সেনেগাল ফুটবলের স্বার্থ রক্ষায় ফেডারেশন দ্রুতই লসানভিত্তিক কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করবে’—সেনেগাল ফুটবল সংস্থার বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।
সেনেগাল ফুটবল ফেডারেশনের মহাসচিব আবদুলায়ে সো আফ্রিকান ফুটবল সংস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ট্রফি কোথাও যাবে না। তিনি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত সংস্থার এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা ক্ষোভ প্রকাশ করছি।’ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা কর বলেছেন, লড়াই এখানেই শেষ নয়। তার কথায়, ‘আমি সব সেনেগালবাসীকে আশ্বস্ত করতে চাই—সেনেগালের অধিকার আছে এবং জয় আমাদেরই। ট্রফি দেশ ছাড়বে না।’ ট্রফি জেতা সেনেগাল খেলোয়াড়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। এভারটনের ইদ্রিসা গোয়ে বলেন, ‘শিরোপা, ট্রফি, মেডেল—এসব ক্ষণস্থায়ী। আসল বিষয় হলো, প্রত্যেক সমর্থক যেন মাথা উঁচু করে ঘরে ফিরতে পারেন। সেনেগালিজ জনগণ দেখিয়েছে তারা কী—জয়ে মর্যাদাবান, বিপদেও মর্যাদাবান।’ আফ্রিকান ফুটবল সংস্থা এ সম্পর্কে বলেছে, ‘আমরা নিয়মের প্রতি সম্মান, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং আফ্রিকান ফুটবলের স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ।’