

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবী রুপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এজারভুক্ত রাজু ও নিলয় নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন।
তিনি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম সুরুজ।
মামলার এজাহারে বলা হয়, শনিবারে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে উল্লেখিত আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মঞ্চ ও অনুষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, হামলায় বাধা দিলে বাদীসহ আরও ৫ থেকে ৬ জনকে মারধর করা হয় এবং অনুষ্ঠানের মাইক, বক্স, ফলসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় যুব শক্তির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা ফারুক মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে আমাদের আহত কর্মী আল ফারাবী। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।