

দীর্ঘ ছয় বছর পর বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন মাসুম হাসান মামুন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের যৌথ সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গতিশীলতার লক্ষ্যে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান মামুনকে স্বপদে বহাল করা হলো। কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে ২০২০ সালের ২৭ নভেম্বর সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের পদসহ দলের সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল মাসুদ হাসান মামুনসহ আট নেতাকর্মীকে।
পরবর্তীতে তারা দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেও সাধারণ সম্পাদকের পদ স্থগিত ছিল। দীর্ঘ প্রায় ছয় বছর পর দলীয় পদ ফিরে পেয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাসুদ হাসান মামুন।