

দায়িত্ব পালনকালে বাসের বেপরোয়া গতির কারণে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন বগুড়া জেলার শেরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আহসান হাবীব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীররাত ২টার দিকে শেরপুর ফায়ার স্টেশনে দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
নিহত মো.আহসান হাবীবের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামে। তার বাবার নাম মৃত আবেদুর রহমান সরকার।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে শেরপুর ফায়ার স্টেশনে একটি দুর্ঘটনার সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের প্রধান ফটকের গেট খুলে দেন আহসান হাবীব। এ সময় মহাসড়কে ঢাকা থেকে বগুড়ামুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন তিনি। সিগন্যাল পেয়ে বগুড়ামুখী একটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিল। কিন্তু ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বাস। এতে ট্রাকটি আহসান হাবিবকে চাপা দেয়। পরে দ্রুত আহসান হাবিবকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটার হাবীবের লাশ গ্রামের বাড়ি নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আহসান হাবীবের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি আহসান হাবীবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।