

বগুড়ায় মোকামতলা উপজেলা ঘোষণার পর এবার পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান তিনটি ইউনিয়ন পুনর্গঠন করে ছয়টি ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুন) রাতে নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মোকামতলা বন্দরকে কেন্দ্র করে পৌরসভা গঠনের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। বাণিজ্যিক ও জনবসতির সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে মোকামতলাকে পৌরসভায় রূপান্তরের দাবি আরও জোরালো হয়ে ওঠে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্তমান ৩টি ইউনিয়নকে পুনর্গঠন করে ছয়টি ইউনিয়নে বিভক্ত করা হতে পারে। মোকামতলা উপজেলার ময়দানহাটা, দেউলী এবং সৈয়দপুর ইউনিয়নকে ভেঙে নতুন আরোও তিনটি ইউনিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে প্রশাসনিক সেবা সহজ হবে এবং স্থানীয় জনগণ দ্রুত সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।
মোকামতলাকে পৌরসভা করার সম্ভাব্য ঘোষণায় স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ছিলাম। এখন ঘুরে দাঁড়ানোর পালা। উপজেলা ঘোষণা হয়েছে এখন পৌরসভা হলে ব্যবসায়িক এলাকায় গড়ে উঠবে এই এলাকা।
এদিকে পৌরসভা হওয়ার ঘোষণায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন, পৌরসভা বাস্তবায়িত হলে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তবে পৌরসভা ও নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে সরকারি গেজেট ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।