

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি আসনেই জয় পেয়েছেন তারেক রহমান। বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রে জয় পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান বগুড়া-৬ আসনে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী তার নিজ ভোটকেন্দ্র শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরাজিত হয়েছেন। সেখানে তিনি পেয়েছেন ৪২৩ ভোট। অপরদিকে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭০ ভোট। এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ রুবেল বলেন, ভোটের হিসেবে তারেক রহমান বগুড়ার ১৫০টি ভোটকেন্দ্রে প্রথম হয়েছেন। এ গৌরব বগুড়াবাসীর।