

পর্যটন নগরী কুয়াকাটায় আগুনে পুড়ে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ সময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩টি দোকান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে পৌর শহরের বেড়িবাঁধ সংলগ্ন সীকুইন হোটেল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে দুটি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, একটি মুদি দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল আটটার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।