

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ড. রফিকুল ইসলাম হিলালী।
বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন।
এতে সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়।
এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে।
আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।
এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।