

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগে সকাল ৭টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফেরির চলাচলের মার্কিং পয়েন্ট চালকের দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৯টা দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।