

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
সেলিনা হায়াৎ আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন।
গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ১১ নম্বর মামলার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। এ মামলাটিতে এজাহারে তার নাম নাই। এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি, উচ্চ আদালতে যাব।