

নেত্রকোনা পৌরশহরের উত্তর কাটলী এলাকায় সুদে টাকা চেয়ে না পেয়ে মাদকাসক্ত আব্দুর রশিদ নামে এক যুবক মনোয়ারা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আবু চাঁন ও তার ছেলে মুন্নাকেও কুপিয়ে আহত করেছে সে।
সোমবার নেত্রকোনা পৌরশহরের উত্তর কাটলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কাটলী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ (৩০) সোমবার রাতে নিহত মনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য সুদে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় একপর্যায়ে আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। পরে তার ছেলে ও স্বামী ফিরাতে এলে তাকেও কুপিয়ে আহত করে সে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। পরে মুন্নার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।